আজ সোমবার | ২৫ মে ২০২৬

বিয়ানীবাজারে ঈদ সামনে রেখে পৌর পুলিশের বিশেষ মহড়া, ক ঠো র অবস্থান

বিয়ানীবাজারে ঈদ সামনে রেখে পৌর পুলিশের বিশেষ মহড়া, ক ঠো র অবস্থান

ছবিঃ সংগৃহীত


পবিত্র ঈদুল আযহা সর্বস্তরের মানুষের মাঝে শান্তিপূর্ণ, আনন্দময় ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে সিলেটের বিয়ানীবাজার পৌরশহরে এক বিশেষ মহড়া ও সতর্কতামূলক অবস্থান নিয়েছে থানা পুলিশ। রোববার বিকেলে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলীর নেতৃত্বে এই মহড়াটি অনুষ্ঠিত হয়।

 

​পৌরশহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলো প্রদক্ষিণ করে পুলিশের এই বিশেষ টিম। মহড়ার মূল উদ্দেশ্য ছিল আসন্ন ঈদকে কেন্দ্র করে সাধারণ উপজেলাবাসীকে নিরাপত্তা বিষয়ে সচেতন করা এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে অপরাধীদের কঠোর বার্তা দেওয়া।

 

​মহড়া শেষে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক উপস্থিত গণমাধ্যমকর্মী ও জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিয়ানীবাজার উপজেলাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত। ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের পকেটমার, ছিনতাইকারী, অজ্ঞান পার্টি বা মলম পার্টির অপতৎপরতা বরদাশত করা হবে না। পৌরশহরসহ পুরো উপজেলায় আমাদের নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। অপরাধীদের স্পষ্ট ভাষায় সতর্ক করে দিতে চাই—কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপরাধের চেষ্টা করা হলে পুলিশ কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে।

 

​তিনি সাধারণ নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে আরও বলেন, কোরবানির পশুর হাটগুলোতে জাল টাকার কারবার রোধে এবং ব্যবসায়ী ও ক্রেতাদের লেনদেন নিরাপদ করতে পুলিশের বিশেষ টিম কাজ করছে। আপনারা যেকোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড দেখলেই তাৎক্ষণিকভাবে পুলিশকে জানান। আপনাদের সহযোগিতায় আমরা একটি আনন্দময় ও নিরাপদ ঈদ উপহার দিতে বদ্ধপরিকর।

 

​পুলিশের এই সময়োপযোগী উদ্যোগ ও মহড়াকে সাধুবাদ জানিয়েছেন বিয়ানীবাজার পৌরশহরের ব্যবসায়ী ও সাধারণ সচেতন মহল। তারা আশা করছেন, পুলিশের এমন কঠোর অবস্থানের কারণে এবার অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ঈদুল আযহা উদযাপিত হবে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)