ছবি: সংগৃহীত
সিলেট বিভাগে হাম ও হাম-সদৃশ উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিলে যুক্ত হয়েছে আরও একটি নাম। গত ২৪ ঘণ্টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩৮ বছর বয়সী সাদিকুর রহমান। তাঁর বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়।
সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম এ তথ্য জানান।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কারও শরীরে হাম শনাক্ত হয়নি। তবে হাম-সদৃশ উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৩২ জন। সব মিলিয়ে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪০৮।
নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৫৮ জন ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এ ছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৭, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২০, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ এবং নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে একজন ভর্তি হয়েছেন।
বর্তমানে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৬ ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫৩ জন চিকিৎসাধীন। অন্যদের মধ্যে পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২৫, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৫, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৯, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১১, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৪, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, গোলাপগঞ্জে ২ এবং ধর্মপাশায় একজন রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৫। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২, সুনামগঞ্জে ৩৫৭, হবিগঞ্জে ১৫৮ এবং মৌলভীবাজারে ১৫৮ জনের হাম শনাক্ত হয়েছে।
এদিকে, স্বাস্থ্য বিভাগের হিসাবে বিভাগে এ পর্যন্ত হাম ও হাম-সদৃশ উপসর্গে মোট ১৯৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ৭৭, সুনামগঞ্জে ৬৮, হবিগঞ্জে ২৬ ও মৌলভীবাজারে ১৫ জন মারা গেছেন। নিশ্চিত হাম রোগে সিলেটে ৪, হবিগঞ্জে ৪, মৌলভীবাজারে ১ ও সুনামগঞ্জে ১ জনের মৃত্যু হয়েছে।
সব ধরনের মৃত্যুর হিসাব মিলিয়ে সিলেটে ৮১, সুনামগঞ্জে ৬৯, হবিগঞ্জে ৩০ ও মৌলভীবাজারে ১৬ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.