মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুই দিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় জোনায়েদ। সে উপজেলার সাতগাঁও ইউনিয়নের আলীশারকুল গ্রামের বাসিন্দা মো. রমিজ আলীর ছেলে।
নিখোঁজের পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রোববার (২৯ মার্চ) রাত সাড়ে আটটার দিকে উপজেলার বাদে আলীশার কামারপাড়া এলাকার একটি ঘাসবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসী সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এদিকে, মরদেহ উদ্ধারের পর জোনায়েদের বাবা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে কয়েকজনের নাম উল্লেখ করে তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.