ছবিঃ সংগৃহীত
সিলেটের দক্ষিণ সুরমায় এক নারী তার ছেলে ও মেয়েকে নিয়ে নয় দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় স্বামী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ তিনজন হলেন- দক্ষিণ সুরমার দক্ষিণ ভার্তখলা এলাকার আজাদ মিয়ার স্ত্রী জুলি বেগম (৩০), তাদের মেয়ে ফাবিহাতুন নেছা ফাইজা (১৬) এবং ছেলে আজান আহমদ (৩)।
ঘটনার বিবরণ আজাদ মিয়া জিডিতে অভিযোগ করেন, গত ২১ জুন রাতে তার অনুমতি ছাড়াই স্ত্রী জুলি বেগম ছেলে ও মেয়েকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যান। সিসিটিভি ফুটেজে তিনি বিষয়টি নিশ্চিত হয়েছেন। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাদের সন্ধান পাননি।
তিনি আরও জানান, স্ত্রীর সঙ্গে তার কোনো ঝগড়া বা মনমালিন্য ছিল না। জুলি বেগমের বাবার বাড়ি ফেঞ্চুগঞ্জে। বর্তমানে তারা উপশহর এলাকায় বাস করেন।
পুলিশের তদন্ত দক্ষিণ সুরমা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুনুর রশীদ জানান, ঘটনাটি রহস্যজনক। পুলিশ তদন্ত করছে। তিনি নিখোঁজ নারীর বাবার বাড়িতেও গিয়েছিলেন। দুই পরিবারের মধ্যে একাধিক বৈঠক হয়েছে, কিন্তু এখনও তাদের খোঁজ মেলেনি।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজসহ সব তথ্য-উপাত্ত পর্যালোচনা করে তদন্ত চলছে। প্রয়োজনে মামলা দায়ের করা হবে।
নিখোঁজ নারী ও দুই শিশুর সন্ধানে স্বজনরা সিলেটের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছেন। এ ঘটনায় এলাকায় উদ্বেগ বিরাজ করছে।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.