ছবিঃ সংগৃহীত
ফুটবল বিশ্ব যার পায়ের জাদুতে বুঁদ হয়ে ছিল পুরো টুর্নামেন্ট জুড়ে, সেই কিলিয়ান এমবাপ্পে সেমিফাইনালের মঞ্চে এসে থমকে গেলেন। চলতি ২০২৬ বিশ্বকাপে যিনি ছিলেন অদম্য। ৮টি চোখধাঁধানো গোল আর ৩টি অ্যাসিস্ট নিয়ে যিনি উড়ছিলেন ফর্মের মগডালে।
সেই এমবাপ্পে স্পেনের জমাট রক্ষণ আর নিখুঁত কৌশলের সামনে যেন হয়ে গেলেন একেবারেই বিবর্ণ। ডাল্লাস স্টেডিয়ামে স্পেনের কাছে ২-০ গোলে হেরে ফ্রান্সের বিদায়ের পর মাঠেই কান্নায় ভেঙে পড়েন এই ফরাসি অধিনায়ক। নিজের জার্সি দিয়ে মুখ লুকিয়ে ছাড়েন মাঠ।
২০১৮ সালে মাত্র ১৯ বছর বয়সে ফ্রান্সকে বিশ্ব চ্যাম্পিয়ন করার প্রধান নায়ক ছিলেন এমবাপ্পে। ২০২২ সালের কাতার বিশ্বকাপেও দলকে একক নৈপুণ্যে ফাইনালে তুলেছিলেন। ফাইনালে হ্যাটট্রিক করে জিতেছিলেন গোল্ডেন বুট।
চলতি ২০২৬ বিশ্বকাপেও তিনি ছিলেন ফ্রান্সের ত্রাতা, ম্যাচের পর ম্যাচ দলকে টেনে তুলেছেন সেমিফাইনালে কিন্তু স্পেনের বিপক্ষে ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ রাতে নিজের চেনা রূপের ছায়াও হয়ে থাকতে পারলেন না এই মহাতারকা। স্প্যানিশ ডিফেন্ডারদের কড়া মার্কিংয়ে পুরো ম্যাচে একরকম ছায়া বন্দি ছিলেন তিনি।
খেলার ২২ মিনিটে পেনাল্টি থেকে মিকেল ওইয়েরজাবাল গোল করে স্পেনকে এগিয়ে নেন। শুরুর ধাক্কা সামলে ফ্রান্স যখন সমতায় ফেরার চেষ্টা করছে ঠিক তখনই ৫৮ মিনিটে পেড্রো পোরোর বুলেট গতির শট জাল কাঁপায়। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর কিলিয়ান এমবাপ্পের ওপর চাপ আরও বাড়ে।
উসমানে দেম্বেলে বা মাইকেল অলিসেরা এমবাপ্পেকে বল দিতে ব্যর্থ হলে ফরাসি আক্রমণভাগের সব ধার হারিয়ে যায়। উল্টো স্পেনের রদ্রি ও ফাবিয়ান রুইজের মাঝমাঠের নিয়ন্ত্রণের কাছে আত্মসমর্পণ করতে হয় ফরাসিদের।
এই হারে স্পেনের বিপক্ষে টানা তিনটি বড় টুর্নামেন্টের নকআউটে হারের স্বাদ পেল ফ্রান্স। ২০২৪ ইউরোর সেমিফাইনাল এবং ২০২৫ নেশনস লিগের সেমিফাইনালের পর এবার ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালেও স্পেনের কাছে স্বপ্নভঙ্গ হলো ফ্রান্সের।
পুরো টুর্নামেন্টে একক আধিপত্য দেখানো এমবাপ্পের জন্য এই বিদায়টা তাই বড্ড নিষ্ঠুর। যে জার্সি গায়ে জড়িয়ে বারবার ফ্রান্সকে আনন্দের উপলক্ষ এনে দিয়েছেন সেই জার্সিতেই মুখ লুকিয়ে ড্রেসিংরুমের দিকে হাঁটা ধরেন এই সময়ের সেরা ফুটবলার। নায়ক হয়েও ট্র্যাজিক এক বিদায়ের গল্প লিখে বিশ্বকাপ মিশন শেষ হলো কিলিয়ান এমবাপ্পের।
সূত্রঃ যুগান্তর
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.