ছবি: নিহত খালেদ
সিলেটের কানাইঘাট সীমান্তের ভারতের অংশে পড়ে আছে বাংলাদেশি এক যুবকের মরদেহ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দনা সীমান্তের ১৩৩৩ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহত খালেদ আহমদ (২৩)। তিনি কানাইঘাটের এরালীগুল গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে নিহত খালেদ স্থানীয় কয়েকজনের সাথে দনা সীমান্তের মিকিরপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে ভারতের আকুয়া এলাকায় প্রবেশ করেন। এ সময় সীমান্তের ওপাড় থেকে আসা গুলিতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে তার মরদেহ সীমান্তের জিরো পয়েন্টের কাছে পড়ে ছিল।
কানাইঘাটের লক্ষীপ্রাসাদ পূর্ব ইউনিয়নের সদস্য নাজিম উদ্দিন জানান, বৃহস্পতিবার কয়েকজন যুবকের সাথে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করেন খালেদ। এ সময় বাকিরা ফিরে এলেও খালেদ খাসিয়াদের গুলিতে মারা গেছেন বলে জানতে পেরেছি। তার লাশ সীমান্তে পড়ে আছে। থানা পুলিশ ও বিজিবিকে জানানো হয়েছে।
এ ঘটনায় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক মো. নাজমুল হক জানান, বৃহস্পতিবার ভারতের অভ্যন্তরে খাসিয়া ও বাংলাদেশি চোরাকারবারিদের মধ্যে সংঘাত হয়। এ সময় একজন বাংলাদেশী নাগরিক নিখোঁজ হয় বলে সোর্স মাধ্যমে জানা যায়। এ ঘটনা তদন্ত চলছে।
এদিকে, বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে যুবক নিহত হওয়ার বিষয়টি শুনেছি। তবে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো থানায় জানানো হয়নি।
সূত্র: সিলেট ভিউ
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.