আজ সোমবার | ০২ মার্চ ২০২৬

ইরানে মার্কিন-ইসরাইলের হামলা: ওসমানীতে আসেনি আন্তর্জাতিক ফ্লাইট

ইরানে মার্কিন-ইসরাইলের হামলা: ওসমানীতে আসেনি আন্তর্জাতিক ফ্লাইট

ইরানে মার্কিন-ইসরাইল হামলার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এই পরিস্থিতিতে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

রবিবার (১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক মো. হাফিজ আহমদ।

তিনি জানান, রবিবার সকালে দোহা থেকে ওসমানী বিমানব্ন্দরে ফেরত আসা একটি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।

 

এদিকে, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার পর থেকে বন্ধ রয়েছে মধ্যপ্রাচ্যের আকাশসীমা। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো। এতে অসংখ্য যাত্রী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন। অনেক যাত্রী অনিশ্চয়তায় বিমানবন্দর থেকে ফিরে যাচ্ছেন।

 

আবার যাদের ফ্লাইট গভীর রাতে, তাদের বিমানবন্দরে যেতে নিষেধ করছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এই অবস্থা কত দিন চলমান থাকবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

 

এদিকে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় তিন বাংলাদেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দরে যাত্রীদের খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন, আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট মিশন ও দূতাবাসগুলোকে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

এদিকে, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ রয়েছে। এজন্য নিরাপত্তা ঝুঁকির কারণে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে রবিবার (১ মার্চ) সকাল পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী মোট ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

 

রবিবার (১ মার্চ) সকালে এক বার্তায় সাংবাদিকদের এই তথ্য জানান শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ। তবে কখন নাগাদ ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে, তা সুনির্দিষ্ট করে কিছু জানাননি।

 

শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ হওয়ার ২৭টি ফ্লাইটের প্রায় ১০ হাজার যাত্রীর ভ্রমণ বাতিল হয়েছে। তাদের অনেককে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থাকার ব্যবস্থা করেছেন। অনেকে নিজ গ্রামে বা বাড়িতে ফিরে গেছেন। ফ্লাইট শিডিউল স্বাভাবিক হলে মুঠোফোনে যাত্রীদের জানিয়ে দেবে সংশ্লিষ্ট এয়ারলাইন্স।

 

অপরদিকে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে প্রবাসে বসবাসরত কোন বাংলাদেশী সমস্যার সম্মুখীন হলে তাদেরকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কল সেন্টার +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে ফোন করে জানাতে অনুরোধ জানানো হচ্ছে। এ নম্বরটি দিন-রাত ২৪ ঘন্টা খোলা থাকে।

 

রবিবার (১ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)