সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে মৃত গরুর মাংস বিক্রির চেষ্টার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে একটি দোকানকে সিলগালা করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে এ অভিযানে হরিপুর বাজারের ব্যাবসায়ী উপজেলার হেমু বেলোপাড়া গ্রামের সমছুল ইসলামের মালিকানাধীন গরুর মাংসের দোকান সিলগালা করা হয়। এ সময় মৃত গরুর মাংস মাটিচাপা দেওয়া হয় এবং একটি জীবিত গরু জব্দ করে মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।
উপজেলার হরিপুর বাজারে এক কসাই মৃত গরুর মাংস বিক্রির চেষ্টা করলে স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে প্রতিবাদ জানায়। বিষয়টি জানাজানি হলে সংশ্লিষ্ট কসাইরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রাণী দেব ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী পরিচালিত অভিযানে মৃত গরুর মাংস মাটি-চাপা দেওয়া হয়। একই সঙ্গে একটি জীবিত গরু জব্দ করে মুক্ত নিলামের মাধ্যমে ৭৩ হাজার টাকায় বিক্রি করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে দুটি ফ্রিজ জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট দোকানটি সিলগালা করে দেওয়া হয়।
অভিযানের সময় দোকানের ভেতরের ফ্রিজ তল্লাশি করে ছোট ছোট গরুর বাছুরের মাংসও পাওয়া যায়। এ দৃশ্য দেখে স্থানীয় জনতার মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।
অভিযানের সময় উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রাণী দেব বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো খাদ্য বিক্রি করা গুরুতর অপরাধ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকাবাসী ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের কঠোর নজরদারি কামনা করেছেন।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.