ছবিঃ বিয়ানীবাজার থানা
সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, বিদেশি মদ ও নগদ টাকাসহ আব্দুর রহমান মনু (৪৭) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাতে বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুকের দিক নির্দেশনায় এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফতেহপুর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে আসামির কাছ থেকে ১৩০০ পিস ইয়াবা ট্যাবলেট, ০৬ কেজি গাঁজা, ০৬ বোতল সিগনেচার (Signature) মদ এবং মাদক বিক্রির নগদ ২ লক্ষ ৩৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুর রহমান মনু ফতেহপুর গ্রামের মৃত মুছব্বির আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, মনু একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে আগের ১৪টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ওসি মোঃ ওমর ফারুক জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। আটক আসামিকে আজ শুক্রবার (৩ এপ্রিল) যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.