আজ বুধবার | ২৭ মে ২০২৬

সিলেটে সবার মুখে একই প্রশ্ন ‘ওবা দাম কত’

সিলেটে সবার মুখে একই প্রশ্ন ‘ওবা দাম কত’

ছবিঃ সংগৃহীত


কোরবানীর ঈদকে সামনে রেখে জমে উঠেছে সিলেটের বিভিন্ন পশুর হাট। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে মুখর হয়ে উঠছে বাজারগুলো। আর এই ব্যস্ততার মাঝেই কিশোর-তরুণ ও যুবকদের কণ্ঠে বারবার ভেসে আসছে একটি পরিচিত প্রশ্ন ‘ওবা দাম কত, ওবা কত?’

 

বুধবার (২৭ মে) মহানগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় এমন চিত্র। মূলত; বাজারে আসা ক্রেতাদের ঘিরে তরুণদের এই কৌতূহলী প্রশ্ন এখন যেন কোরবানীর হাটের আলাদা এক আনন্দে পরিণত হয়েছে। অনেকেই বন্ধুদের নিয়ে বাজারে ঘুরছেন, পশু দেখছেন এবং ক্রেতাদের কাছ থেকে মজার ছলে কেনা পশুর দাম জানতে চাইছেন। ‘ওবা দাম কত, ওবা কত’। কিশোর-তরুণ ও যুবকদের কোরবানীর ঈদের এই উল্লাসে মেতে উঠেছে বিভিন্ন বাজার।

 

শুধু প্রশ্ন করাতেই সীমাবদ্ধ নয়, ক্রেতারাও বেশ স্বাচ্ছন্দ্যের সঙ্গেই নিজেদের কেনা পশুর দাম জানাচ্ছেন। কেউ হাসিমুখে দাম বলছেন, আবার কেউ পশুর বৈশিষ্ট্য তুলে ধরে কেন বেশি দামে কিনেছেন সেটিও ব্যাখ্যা করছেন। এতে প্রশ্নকারী যুবকরা প্রতি উত্তরে বলছেন, ‘জিতছেন, মামা জিতছেন’। তাদের এই খুনসুঁটিতে বাজারের পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠছে।

 

কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ‘প্রতিবছরই কোরবানীর হাটে এমন উৎসবমুখর পরিবেশ তৈরি হলেও এবার তরুণদের উপস্থিতি ও আগ্রহ তুলনামূলক বেশি। পোলাপানরা এসে দাম জিজ্ঞেস করছে, আমরাও আনন্দের সাথে তাদের দাম জানাচ্ছি। এতে তারাও খুশি এবং আমরাও আনন্দিত।

 

সবুজ নামের ক্রেতা বলেন, ‘গরু কিনে বের হওয়ার পর কয়েকজন তরুণ বললো ‘ওবা দাম কত?’। পরে দাম বললাম, তারাও গরুর ছবি তুললো আবার উত্তরে বললো আমি জিতছি।

 

দাম জিজ্ঞেস করা ইমন নামের যুবক বলেন, ‘আমরা বন্ধু-বান্ধবরা মিলে বাজারে ঘুরতে আসছি। আমাদের কোরবানীর গরু কেনা হয়ে গেছে। তবে বাজারে এসে অনেককেই আমরা মজার ছলে জিজ্ঞেস করি ‘ওবা দাম কত’। এতে আমরাও আনন্দিত হই, আবার কেনা পশুর অনুপাতে টাকা কম-বেশি হলো কি-না সেটাও ক্রেতাকে বলি। আসলে হাটের পরিবেশটাই অন্যরকম লাগে।

 

ইব্রাহিম নামের একজন বলেন, ‘কোরবানীর হাটে এসে পশুর দাম না জিজ্ঞেস করলে কোরবানীর যে আমেজ বা উৎসাহ সেটি বোঝা যায় না। আমরা বিকেল থেকেই বিভিন্ন হাটে ঘুরাফেরা করলাম। বিভিন্ন ধরনের গরু-মহিষ ও ছাগল দেখলাম। আবার যারা কোরবানীর জন্য পশু কিনে যাওয়ার পথে অনেককেই দাম জিজ্ঞেস করলাম। এটি করতে ভালো লাগে।

 

উল্লেখ্য, সময়ের সাথে সাথে জমতে শুরু করেছে সিলেটের কোরবানীর পশুর হাট। 

 

সৌজন‍্যঃ সিলেট ভিউ

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)