আজ শুক্রবার | ১৯ জুন ২০২৬

সমতায় বেঁচে রইল দক্ষিণ আফ্রিকা-চেক প্রজাতন্ত্রের বিশ্বকাপ ভাগ্য

সমতায় বেঁচে রইল দক্ষিণ আফ্রিকা-চেক প্রজাতন্ত্রের বিশ্বকাপ ভাগ্য

বিশ্বকাপের প্রথম দল হিসেবে বাড়ির টিকিট কাটার দ্বারপ্রান্তে ছিল দক্ষিণ আফ্রিকা। চেক প্রজাতন্ত্রের কাছে আজ হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেত তারা।

 

নির্ধারিত সময় শেষ হওয়ার ৯ মিনিট বাকি থাকায় সেই শঙ্কাও ঝেঁকে বসেছিল। 

 

সেটা হতে দিলেন না তেবোহো মোকোয়েনা। দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখলেন তিনি। সফল পেনাল্টি কিকে দলকে সমতায় ফিরিয়ে।

 

ম্যাচ জয়ের প্রস্তুতি নেওয়া চেক প্রজাতন্ত্রকে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হলো। আটলান্টায় ম্যাচটি ড্র হয় ১-১ গোলে।

 

ম্যাচের শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার ডি বক্সে আক্রমণ সাজায় চেক প্রজাতন্ত্র। তার ফলও পায় তারা।

 

ম্যাচের ৬ মিনিটে লিড এনে দেন মাইকেল সাদিলেক। ১৮ গজ থেকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। তাতে এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের মালিক হন সাদিলেক।

 

৩৭ মিনিটে গোল শোধ দেওয়ার দারুণ এক সুযোগ তৈরি করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে চেক প্রজাতন্ত্রের বক্সে প্রবেশের পর খেই হারিয়ে ফেলায় আর সমতায় ফেরা হয়নি।

 

যোগ করা সময়ে অবশ্য আরেকটি দারুণ সুযোগ পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে মদিবার শট দারুণভাবে ব্লক করে চেক প্রজাতন্ত্রকে গোল হজম করা থেকে রক্ষা করেন অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি। এতে প্রথমার্ধে আর ম্যাচে ফেরা হয়নি দক্ষিণ আফ্রিকার।

বিরতির পরপরেই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল চেক প্রজাতন্ত্র। তবে ৪৭ মিনিটে বক্সের মধ্যে থেকে ভ্লাদিমির ডারিদার শট নিতে দেরি করায় ব্লক করেন দেন দক্ষিণ আফ্রিকার এক ডিফেন্ডার। ফিরতি সুযোগে দূরপাল্লার শট নিয়েছিলেন লুকাশ চেরভ। তবে তার শট কর্নারের বিনিময়ে প্রতিহত করেন দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস।

৮৩ মিনিটে ঠিকই ম্যাচে ফিরে দক্ষিণ আফ্রিকা। পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান তেবোহো মোকোয়েনা। ৮৪ মিনিটে বদলি হওয়ার আগে দলকে সমতায় ফেরার সুযোগ এনে দেন থাপেলো মাসেকো। বাঁ পায়ে নেওয়া তার শট বক্সের মধ্যে পাভেল শুল্কের হাতে লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান।

যোগ করা সময়ে গোল করে মাঠ ছাড়ার সুযোগও পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে পঞ্চম মিনিটে এভিডেন্স মাকোপোর শট চেক প্রজাতন্ত্রের গোলরক্ষকের হাতে সরাসরি যাওয়ায় তা আর হয়নি। ফিরতি মিনিটে আরেকটি সুযোগ এসেছিল। এবার শট ব্লক হয়। এরপরেই শেষ বাঁশি বাজান রেফারি।

নিজেদের প্রথম ম্যাচে দুই দলই হার দিয়ে শুরু করেছিল বিশ্বকাপ। আজকের ড্রয়ে ১ টি করে পয়েন্ট পেয়েছে চেক প্রজাতন্ত্র-দক্ষিণ আফ্রিকা। নিজেদের শেষ ম্যাচে জিতলে সম্ভাবনা থাকে পরের রাউন্ডে যাওয়ার। ‘এ’ গ্রুপে ৩ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে মেক্সিকো-দক্ষিণ কোরিয়া।

 

কালের কণ্ঠ 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)