ছবি: প্রতীকী
বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নে ১০ বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আব্দুল আহমদ (৩২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় মামলা করেছেন। মামলার পর থেকে অভিযুক্ত আব্দুল আহমদ পলাতক রয়েছেন বলে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে কুড়ারবাজার ইউনিয়নের দেউলগ্রাম এলাকায় বাদীর বসতঘরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। এজাহারে অভিযুক্ত হিসেবে একই এলাকার আকবর আলীর ছেলে আব্দুল আহমদের নাম উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী শিশুর বাবার অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি পূর্বপরিচিত এবং পারিবারিকভাবে তাদের সঙ্গে সম্পর্ক রয়েছে। ঘটনার দিন শিশুটিকে বাড়িতে একা পেয়ে তাকে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করা হয়। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানাজানি হলে শিশুটিকে চিকিৎসার জন্য বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি বাড়ি থেকে পালিয়ে যান। পরে শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এ ঘটনায় ১০ বছর বয়সী শিশুর ওপর এমন গুরুতর যৌন সহিংসতার অভিযোগে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। একই ইউনিয়নে সম্প্রতি আরও একটি শিশুকে ধর্ষণের অভিযোগের ঘটনা সামনে আসায় শিশুদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।
পরিবার ও স্থানীয়দের দাবি, অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করা হোক।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.