ছবিঃ সংগৃহীত
সিলেট বিভাগে হামের সংক্রমণজনিত সংকট এখনও কাটেনি। গত এক দিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। নতুন এ তিনজনকে নিয়ে চলতি বছরের শুরু থেকে বিভাগে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে।
শনিবার (১৮ জুলাই) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সর্বশেষ এ তথ্য প্রকাশ করে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মারা যাওয়া তিন শিশুর সবার বয়স ১০ মাসের কম। তারা সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের মৃত্যুর ঘটনায় স্বজনদের পাশাপাশি স্থানীয় এলাকাগুলোতেও উদ্বেগ তৈরি হয়েছে।
অধিদপ্তরের সর্বশেষ হিসাব বলছে, বর্তমানে সিলেট বিভাগের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন ২৯৭ জন রোগী। গত ২৪ ঘণ্টায় পরীক্ষাগারে নতুন কোনো হাম রোগী শনাক্ত না হলেও উপসর্গ দেখা দেওয়ায় আরও ৬৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বছরের ১ জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে মোট ৫৩৪ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
তবে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, যাদের উপসর্গ রয়েছে কিন্তু ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হয়নি, তাদের সংখ্যা আরও অনেক বেশি। ফলে বাস্তবে আক্রান্তের চিত্র সরকারি পরিসংখ্যানের চেয়ে বড় হতে পারে।
স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সংক্রমণ নিয়ন্ত্রণে নিয়মিত টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে। একই সঙ্গে শিশুদের নির্ধারিত সময়ের মধ্যে হাম-রুবেলা (এমআর) টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে লালচে র্যাশ বা হামের অন্যান্য লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
সূত্রঃ সিলেট ভয়েস
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.