ছবি: বিয়ানীবাজার সরকারি কলেজ ভবন
বিয়ানীবাজার সরকারি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত ভর্তি ফি পরিশোধ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ট্যাপ’ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভর্তি ফি পরিশোধ করা যাবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ছাত্রদের জন্য ভর্তি ফি ২ হাজার ৭৫৭ টাকা এবং ছাত্রীদের জন্য ২ হাজার ৫২৭ টাকা নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান শাখায় ছাত্রদের ২ হাজার ৮৯২ টাকা এবং ছাত্রীদের ২ হাজার ৬৫২ টাকা ভর্তি ফি দিতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে পাঠবিরতি ফি হিসেবে অতিরিক্ত ১০০ টাকা দিতে হবে।
অনলাইনে ভর্তি ফরম পূরণের সময় শিক্ষার্থীদের ছবি, পাঠ্যবিষয় ও বিষয় কোড সঠিকভাবে পূরণ করতে হবে। এসব তথ্য ভুল হলে শিক্ষার্থীকে রোল নম্বর দেওয়া হবে না। এ ধরনের ভুলের কারণে সৃষ্ট জটিলতার দায় কলেজ কর্তৃপক্ষ নেবে না বলেও জানানো হয়েছে।
মুক্তিযোদ্ধা ও শিক্ষা কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মূল কপি ও ফটোকপি যাচাই করা হবে ২১ ও ২২ সেপ্টেম্বর। ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস রোল ২৩ সেপ্টেম্বর কলেজের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
আগামী ২৪ সেপ্টেম্বর সকাল ১০টায় কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পরিচিতিমূলক ক্লাস অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য কলেজ কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছে।
পরিচিতিমূলক ক্লাসে শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র ৯×১২ ইঞ্চি খামে ভরে জমা দিতে হবে। জমা দেওয়ার কাগজপত্রের মধ্যে রয়েছে—এসএসসি বা সমমান পরীক্ষার ট্রান্সক্রিপ্টের মূল কপি (অন্য কোনো মূল কপি নয়), অনলাইন ভর্তি ফরমের প্রিন্ট কপি, নিজ হাতে পূরণ করা উপবৃত্তি ফরমের হার্ডকপি, এসএসসি পাসের প্রশংসাপত্র ও ট্রান্সক্রিপ্টের দুই সেট ফটোকপি এবং সদ্যতোলা চার কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
এ ছাড়া ২০২৪ ও ২০২৫ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রথম শ্রেণির কর্মকর্তার পাঠবিরতি সনদ, শিক্ষার্থী ও মাতা-পিতার ১৭ সংখ্যার জন্মনিবন্ধন সনদের ফটোকপি, মাতা-পিতার ১০ বা ১৭ সংখ্যার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (অনুপস্থিতিতে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র) এবং পিতা, মাতা বা অভিভাবকের সচল ‘নগদ’ মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক হিসাব নম্বর জমা দিতে হবে।
কলেজ কর্তৃপক্ষ ভর্তি-সংক্রান্ত সব তথ্য যথাযথভাবে অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.