ছবি: সংগৃহীত
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার গলির ফটকে অগ্নিসংযোগের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর দাড়িয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করে কোতোয়ালী মডেল থানা-পুলিশ।
আটক দুজন হলেন অপূর্ব বাড়ই (২১) ও দুর্জয় সরকার (২১)। তারা দুজনেই দাড়িয়াপাড়ার ৬৩/বি নম্বর বাসায় বসবাস করতেন।
রোববার (২২ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের শনাক্ত করে আটক করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিবাগত রাত ২টা ৪৫ মিনিট থেকে ৩টা ২০ মিনিটের মধ্যে দাড়িয়াপাড়ার মেঘনা-এ/২৫, অপর্ণা ভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার গলির প্রধান ফটকে আগুন দেওয়া হয়। অজ্ঞাতনামা ব্যক্তিরা পেট্রল বা কেরোসিন ব্যবহার করে আগুন ধরিয়ে দেন। এতে এলাকায় আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় করা সাধারণ ডায়েরির সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং স্থানীয় বাসিন্দাদের তথ্যের ভিত্তিতে অপূর্ব ও দুর্জয়কে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে বলা হয়েছে, গ্রেপ্তার দুজন ও পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিরা পারস্পরিক সহযোগিতায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছেন বলে সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। নাশকতা সৃষ্টি, জননিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করা এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
এসএমপির উপকমিশনার (মিডিয়া) মো. আফজাল হোসেন বলেন, আটক দুজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় আর কেউ জড়িত কী না তা খতিয়ে দেখা হচ্ছে।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.