আজ শুক্রবার | ২০ মার্চ ২০২৬

কুলাউড়ায় জমি বিরোধে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

কুলাউড়ায় জমি বিরোধে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

মৌলভীবাজারের কুলাউড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন। গত ১৩ মার্চ বিকেলে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের গৌরীশংকর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আবুল কাশেম বাদী হয়ে কুলাউড়া থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন।

 

ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, গৌরীশংকর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলেদের সঙ্গে একই এলাকার আবুল কাশেমের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন বিকেল ৫টার দিকে প্রতিপক্ষের উদ্দিন (৩৫), মানিক মিয়া (৪৫), শরিফ মিয়া (২২)সহ আরও কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবুল কাশেমের বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়।

 

হামলাকারীরা বাড়ির টিনের বেড়া কুপিয়ে প্রায় ৫ হাজার টাকার ক্ষতিসাধন করে। এ সময় বাধা দিতে গেলে তারা দা ও লাঠিসোটা দিয়ে আবুল কাশেম, তার পিতা শামসুদ্দিন (৬২), মাতা আয়েশা বেগম (৪৫) এবং বড় ভাই আবু তাহেরকে (৩১) এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে।

আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে এলাকাবাসীর সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে কুলাউড়া থানার এসআই ফাইজুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)