সিলেট-বারইগ্রাম-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণে হারিয়ে লুৎফা পরিবহন-২ নামের একটি যাত্রীবাহী বাস উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় যাত্রীদের মধ্যে নারী ও শিশুসহ ৭/৮জন আহত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) রাত ৯টা ১০মিনিটের দিকে বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের শেওলা পয়েন্ট গোল্ডেন সেন্টার সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে শনিবার রাত ৮টায় যাত্রী নিয়ে বাসটি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিয়ানীবাজারের শেওলা পয়েন্টের কাছাকাছি মোড়ের মধ্যে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। মুহূর্তেই বাসটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন দ্রুত দুর্ঘটনা কবলিত বাসের সামনের ও পেছনের গ্লাস ভেঙে ভেতরে ঢুকে যাত্রীদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করলে ফের অন্য যানবাহনে তারা তাদের গন্তব্যে যান। অন্যদিকে বাসের চালক ও হেল্পার দুর্ঘটনার পর থেকে পলাতক রয়েছে বলে জানা গেছে।
এদিকে, এ প্রতিবেদন লিখা পর্যন্ত আহতদের নাম-পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি।
ঘটনাস্থলে উদ্ধার অভিযানে থাকা বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (এসআই) মো. নুর উদ্দিন জানান, বাসটিতে নারী ও শিশুসহ প্রায় ৩০-৩৫জন যাত্রী ছিল। এর মধ্যে বাসটি দুর্ঘটনার কবলে পড়লে ৭/৮জন যাত্রী আহত হয়। আহত সকলকে স্থানীয়দের সহায়তায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ পরিদর্শক মো. নুর উদ্দিন আরও জানান, প্রাথমিক তদন্তে জানতে পেরেছি বাসটির চালকের গাফিলতি এবং ব্রেক ফেল হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে উদ্ধার অভিযান চলাকালে বাসটির মধ্যে চালক ও হেল্পারকে পাওয়া যায়নি।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.