সিলেটের দক্ষিণ সুরমায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি শাখার এডিসি পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বর সংলগ্ন “দুধওয়ালা কিচেন” নামের এক রেস্টুরেন্টে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি আশরাফুল আম্বিয়া ওরফে জায়ান আহমেদ (৩০)। সে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রায়গড় গ্রামের মৃত আব্দুল মুকিতের ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আশরাফুল আম্বিয়া নিজেকে ডিএমপির ডিবি শাখার এডিসি পরিচয় দিয়ে সিলেট মহানগরের বিভিন্ন স্থানে প্রতারণার মাধ্যমে অবৈধ সুবিধা আদায় করে আসছিলেন।
ঘটনার দিন তিনি “দুধওয়ালা কিচেন” রেস্টুরেন্টে গিয়ে চা পান করেন এবং সেখানে উপস্থিত লোকজনের কাছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ডিবি বিভাগের ডিসির মোবাইল নম্বর জানতে চান। এ সময় সাদা পোশাকে থাকা পুলিশ সদস্যরা তার পরিচয় যাচাই করতে চাইলে তিনি নিজেকে ডিএমপির ডিবি এডিসি হিসেবে পরিচয় দেন।
পরবর্তীতে তার আচরণে সন্দেহ হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশে দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি ভুয়া পরিচয়ে প্রতারণার বিষয়টি স্বীকার করেন। পরে তাকে আটক করে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়।
মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয় এবং এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.