আজ মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬

 শিরোনাম
গোলাপগঞ্জের পর বিয়ানীবাজার থানায় চালু হতে যাচ্ছে প্রবাসী হেল্প ডেস্ক কর্নার কাতারের ভিসা পেয়েছিলেন বড়লেখার আলী হোসেন, যাওয়ার আগেই দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটে তীব্র তাপদাহে জনজীবনে হাঁসফাঁস, আরও দুদিন থাকতে পারে তাপদাহ সিলেটে একদিনে র‌্যাবের অভিযানে ৯ জন পাকড়াও সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ জৈন্তাপুরে ভাতিজার হামলায় আহত বৃদ্ধের মৃত্যু গাছের মগডালে ঝুলছিল কানাইঘাটের যুবকের লাশ এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল হাসিনা তাড়িয়েছি, ফ্যাসিবাদ কায়েম করলে আপনাদেরও জনগন তাড়াবে, সরকারকে ডা. শফিক বিয়ানীবাজারে বিজিবির অভিযানে৫০ পিস ইয়াবা, ভারতীয় রুপিসহ আটক ১

সিলেটে তীব্র তাপদাহে জনজীবনে হাঁসফাঁস, আরও দুদিন থাকতে পারে তাপদাহ

সিলেটে তীব্র তাপদাহে জনজীবনে হাঁসফাঁস, আরও দুদিন থাকতে পারে তাপদাহ

ছবি: সংগৃহীত


টানা প্রখর রোদ আর ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে সিলেট। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র হচ্ছে রোদের তাপ। দুপুরের দিকে নগরের ব্যস্ত সড়কগুলো অনেকটাই ফাঁকা হয়ে যাচ্ছে। তবে জীবিকার তাগিদে এই দাবদাহের মধ্যেও খোলা আকাশের নিচে কাজ চালিয়ে যেতে হচ্ছে ট্রাফিক পুলিশ, রিকশাচালক, নির্মাণশ্রমিক ও দিনমজুরদের। তীব্র গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন তারাই।

 

সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রোববার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় তাপমাত্রার চেয়ে গরমের অনুভূতি আরও বেশি হচ্ছে। এতে জনজীবনে অস্বস্তি বেড়েছে।

 

সোমবার দুপুরে নগরের জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, বন্দরবাজার ও সুবিদবাজার এলাকা ঘুরে দেখা যায়, প্রয়োজন ছাড়া অনেকেই বাইরে বের হচ্ছেন না। যারা বের হচ্ছেন, তাদের অনেকের হাতেই ছাতা কিংবা পানির বোতল। ঠান্ডা পানীয় ও ডাবের দোকানগুলোতে তুলনামূলক বেশি ভিড় দেখা গেছে।

 

 

অন্যদিকে তীব্র রোদের মধ্যেই দায়িত্ব পালন করতে হচ্ছে ট্রাফিক পুলিশ সদস্যদের। নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে তাদের ঘন ঘন পানি পান করতে দেখা যায়। একইভাবে রিকশাচালক, ভ্যানচালক, নির্মাণশ্রমিক ও দিনমজুরেরা প্রচণ্ড গরম উপেক্ষা করেই জীবিকার তাগিদে কাজ চালিয়ে যাচ্ছেন।

 

চৌহাট্টা এলাকার রিকশাচালক আবদুল হক বলেন, ‘রোদে যাত্রী কমে যায়। আবার কাজ না করলে সংসার চলবে না। তাই গরমের মধ্যেই রাস্তায় থাকতে হচ্ছে।'

 

নির্মাণশ্রমিক জহির মিয়া বলেন, ‘দুপুরের দিকে কাজ করা খুব কষ্ট হয়ে যায়। শরীর থেকে ঘাম ঝরতেই থাকে। বারবার পানি খেতে হয়। একটু পরপর বিশ্রাম না নিলে কাজ করা যায় না’

 

বর্তমান তাপদাহ আরও এক থেকে দুই দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া সংশ্লিষ্টরা।

 

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, ‘সাগরে একটি আবহাওয়াগত সিস্টেম সক্রিয় রয়েছে। এর প্রভাবে বৃষ্টির একটি বলয় তৈরি হয়েছে এবং মেঘও জমা হচ্ছে। সিস্টেমটির প্রভাব বাড়লে সিলেট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে তাপমাত্রা কমে আসবে এবং গরমের তীব্রতাও অনেকটা হ্রাস পাবে।’

 

এদিকে চিকিৎসকেরা বলছেন, তীব্র গরমে শিশু, বয়স্ক এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের বাড়তি সতর্ক থাকতে হবে। এ সময় পর্যাপ্ত পানি পান, প্রয়োজন ছাড়া দুপুরের রোদ এড়িয়ে চলা এবং খোলা আকাশের নিচে কাজ করলে মাঝেমধ্যে বিশ্রাম নেওয়া জরুরি।

 

সূত্র: সিলেট ভয়েস 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)