ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রিপন মিয়া (২৫) নামের এক চালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাকচালককে আটক করে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আছুরিঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন মিয়া বড়লেখা উপজেলার কাশেমনগর এলাকার বাসিন্দা। তিনি দক্ষিণভাগ দক্ষিণ বাজারের অটোরিকশাচালক ইসলাম মিয়ার ছেলে।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আছুরিঘাট সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে রিপনের অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করেন চালক। এ সময় স্থানীয় লোকজন ট্রাকটির পিছু নেন। পরে জুড়ী সরকারি হাসপাতালের কাছে তাদের সহায়তায় ট্রাকচালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না দুর্ঘটনায় অটোরিকশাচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে এবং ট্রাকটি উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.