আজ রবিবার | ১৮ অক্টোবর ২০২৬

সিলেটে অভিযান চালিয়ে জব্দকৃত সাড়ে ৩ লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

সিলেটে অভিযান চালিয়ে জব্দকৃত সাড়ে ৩ লাখ টাকার নকল সিগারেট ধ্বংস

ছবি: সংগৃহীত


সিলেট নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জব্দ করা প্রায় ৬০ হাজার শলাকা নকল সিগারেট পুড়িয়ে ধ্বংস করেছে জেলা প্রশাসন। এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য সাড়ে ৩ লাখ টাকা। গত সাত দিনে নগরের বন্দরবাজার, হকার্স মার্কেট ও শাহপরান এলাকায় অভিযান চালিয়ে সিগারেটগুলো জব্দ করা হয়।
 

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জব্দ করা সিগারেটগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব বিষয়টি নিশ্চিত করেছেন।
 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নগরের বিভিন্ন পাইকারি ও খুচরা দোকানে নকল সিগারেট বিক্রির তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ সময় বেনসন, গোল্ডলিফ, মন্সটার, পুষ্পা, ডার্বি, পার্টনার ও প্রাইম গোল্ডসহ বিভিন্ন ব্র্যান্ডের নামে বিক্রি হওয়া নকল সিগারেট জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব জানান, জব্দ করা সিগারেটগুলো পরে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। নকল সিগারেটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, নতুন বিধান অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশুদের পার্কের ১০০ মিটারের মধ্যে তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধ। এ বিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। একই অপরাধ পুনরায় করলে জরিমানার পরিমাণ ধাপে ধাপে বাড়বে।
 

 

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)