ছবি: সংগৃহীত
সিলেটের গোলাপগঞ্জে সড়কের বেহাল দশা ও জনদুর্ভোগ নিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে সাক্ষাৎকার দেওয়ার পর জাকির হোসাইন নামের এক ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মাসুরা গ্রামের ছিলিমপুরের খালের ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার না হওয়া এবং কুড়া নদীর ওপর নির্মিত সেতুর সংযোগ সড়ক না থাকায় স্থানীয় বাসিন্দারা দুর্ভোগ পোহাচ্ছেন। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে একাধিকবার খবর প্রকাশিত হয়েছে। সর্বশেষ শনিবার এ বিষয়ে প্রতিবেদন তৈরির জন্য আরটিভির পক্ষ থেকে সাক্ষাৎকার নেওয়া হয়। এতে এলাকার একজন ভুক্তভোগী হিসেবে কথা বলেন ব্যবসায়ী জাকির হোসাইন।
জাকিরের অভিযোগ, সাক্ষাৎকার শেষে স্থানীয় মির্জা আফতাব উদ্দিনের ছেলে মির্জা আসতার উদ্দিনসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন।
আহত জাকির বলেন, "দীর্ঘদিন ধরে সেতু নির্মাণ করা হলেও এর সঙ্গে কোনো সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। ফলে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ বিষয়ে একাধিকবার বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।"
তিনি বলেন, শনিবার সাক্ষাৎকার দেওয়ার পরপরই আসতার উদ্দিন কয়েকজনকে সঙ্গে নিয়ে আমার ওপর হামলা চালান। এ সময় আমি গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন।
জাকির বলেন, হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এখনো থানায় অভিযোগ দিতে পারিনি। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর এ ঘটনায় আইনি পদক্ষেপ নেবো।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.