ছবি: সংগৃহীত
পাহাড়, নদী আর প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্যের অধিকারী সিলেটের জৈন্তাপুর। প্রাচীন জৈন্তিয়া রাজ্যের স্মৃতিবিজড়িত স্থাপনাগুলো দীর্ঘদিন ধরে অবহেলা ও অযত্নে পড়ে থাকলেও এবার সেগুলো সংরক্ষণে সরকারি উদ্যোগের কথা সামনে এসেছে। ঐতিহাসিক পুরাকীর্তি সংস্কার, সংরক্ষণ এবং জৈন্তাপুরে একটি আধুনিক জাদুঘর নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন সরকারের দুই মন্ত্রী।
বুধবার (২৫ নভেম্বর) জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা সরেজমিনে পরিদর্শন করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগের কথা জানান।
পরিদর্শনকালে মন্ত্রীরা প্রাচীন জৈন্তিয়া রাজ্যের রাজধানী হিসেবে পরিচিত নিজপাট নগরীর ঐতিহাসিক জৈন্তেশ্বরী বাড়ি (বিচারালয়), জৈন্তা রাজবাড়ি, সারিঘাটে মহাসড়কের মাঝখানে অবস্থিত রাজার পান্থশালা এবং রাজা বিজয় সিংহের সমাধিসৌধ ঘুরে দেখেন। এসব স্থাপনার ঐতিহাসিক গুরুত্ব ও বর্তমান অবস্থা সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে অবহিত হন তাঁরা।
পরিদর্শন শেষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, জৈন্তিয়ার প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য বহনকারী প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষণে সরকার পরিকল্পনা গ্রহণ করছে। নিজপাট নগরীতে ছড়িয়ে থাকা ঐতিহাসিক স্থাপনাগুলো সংস্কার ও সংরক্ষণের পাশাপাশি জৈন্তাপুর সদরে একটি আধুনিক জাদুঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেখানে জৈন্তিয়ার ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরার সুযোগ তৈরি হবে।
তিনি বলেন, দেশের ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ নিদর্শনগুলো রক্ষা করা অত্যন্ত জরুরি। এসব ঐতিহাসিক সম্পদ যথাযথভাবে সংরক্ষণ করা গেলে পর্যটন খাতের বিকাশেও নতুন সম্ভাবনা তৈরি হবে।
অন্যদিকে মন্ত্রী আরিফুল হক চৌধুরী জৈন্তিয়ার ঐতিহাসিক নিদর্শনগুলো দ্রুত সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জৈন্তিয়া রাজ্যের গৌরবময় অতীতের স্মৃতিচিহ্নগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হলে এগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। এ জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের তাগিদ দেন তিনি।
শুধু ইতিহাস-ঐতিহ্য নয়, যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন নিয়েও এদিন সরেজমিনে খোঁজ নেন দুই মন্ত্রী। তাঁরা পৃথক এসএমভিটি লেনসহ সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের চলমান কাজ পরিদর্শন করেন এবং প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবহিত হন।
এ সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) সালমান নূর আলম, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খান এবং জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহারসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের উদ্দেশ্যে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী গোয়াইনঘাট উপজেলার উদ্দেশ্যে জৈন্তাপুর ত্যাগ করেন।
জৈন্তাপুরের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো কেবল কিছু প্রাচীন স্থাপনা নয়, এগুলো একটি সমৃদ্ধ জনপদের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের সাক্ষ্য। দীর্ঘদিন ধরে এসব স্থাপনা সংরক্ষণ, গবেষণা, পরিচিতি বৃদ্ধি এবং পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানিয়ে আসছেন ইতিহাস-ঐতিহ্য সচেতন ব্যক্তিরা।
বিশেষ করে নিজপাট নগরীতে আধুনিক জাদুঘর নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হলে জৈন্তিয়ার হারিয়ে যেতে বসা ইতিহাস ও প্রত্নসম্পদ এক জায়গায় সংরক্ষণের সুযোগ তৈরি হবে। পাশাপাশি জৈন্তাপুরের পর্যটন সম্ভাবনা বিকাশ, স্থানীয় অর্থনীতির প্রসার এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এখন স্থানীয়দের প্রত্যাশা, মন্ত্রীদের ঘোষিত পরিকল্পনা যেন দ্রুত বাস্তবায়নের পথে এগিয়ে যায় এবং জৈন্তিয়ার ঐতিহাসিক গৌরব আগামী প্রজন্মের জন্য যথাযথভাবে সংরক্ষিত হয়।
সূত্র: সিলেট ভিউ
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.