আজ শুক্রবার | ২০ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলো আরও ৩৬ বাংলাদেশিকে

যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলো আরও ৩৬ বাংলাদেশিকে

ছবিঃ হযরত শাহজালাল বিমানবন্দর


অবৈধ অভিবাসনবিরোধী অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র আরও ৩৬ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে এক নারীসহ এই ৩৬ জন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে জানিয়েছে ব্র্যাক মাইগ্রেশন।

সংস্থাটি জানায়, ফেরত পাঠানোদের অধিকাংশই বিএমইটির ছাড়পত্র নিয়ে বৈধভাবে প্রথমে ব্রাজিলে গিয়েছিলেন। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়ায় দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ফেরত পাঠানো হয়।

ব্র্যাকের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে যেতে প্রত্যেকে ৪০ থেকে ৮০ লাখ টাকা পর্যন্ত খরচ করলেও তাঁরা সবাই শূন্য হাতে দেশে ফিরেছেন। ফেরত আসাদের মধ্যে নোয়াখালীর ২১ জন, লক্ষ্মীপুরের ২ জন এবং দেশের বিভিন্ন জেলার আরও ১৩ জন রয়েছেন।

ব্র্যাক মাইগ্রেশন অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরীফুল হাসান জানান, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২৯৩ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। তিনি বলেন, ব্রাজিলে কর্মী পাঠানোর অনুমোদনকে অনেকেই যুক্তরাষ্ট্রে যাওয়ার ট্রানজিট হিসেবে ব্যবহার করছেন কি না, তা খতিয়ে দেখা জরুরি। একই সঙ্গে সংশ্লিষ্ট এজেন্সি ও অনুমোদন প্রক্রিয়ায় যুক্তদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান তিনি।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার হয়েছে। এর ফলে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের চার্টার্ড ও সামরিক ফ্লাইটে দ্রুততার সঙ্গে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)