প্রতিকী ছবি
মানুষের জীবনে যেমন বসন্ত আসে প্রকৃতিকে নতুন রূপে সাজাতে, তেমনি মাহে রমজান আসে আত্মাকে পরিশুদ্ধ করে আমলকে নবজীবন দিতে। এই মাস শুধু উপবাসের মাস নয়, এটি আত্মসংযম, ক্ষমা, দয়া ও আল্লাহর নৈকট্য অর্জনের এক সুবর্ণ সুযোগ। শাবানের পরই আগমন করে মুমিনের বহু কাঙ্ক্ষিত ও প্রত্যাশিত এই মাস। কোরআন নাজিলের মাস।
তাকওয়া অর্জনের মাস। আমলে অগ্রগামী হওয়ার মাস। গুনাহ তরক করার মাস। ক্ষমা লাভের মাস।
সদয় ও সহানুভূতির মাস। তাই রমজানের চাঁদ উঠতেই ঘোষণা হতে থাকে—‘ওহে কল্যাণ অন্বেষী, তুমি সুসংবাদ গ্রহণ করো, নেকির পথে তুমি আরো বেগবান হও। ওহে অকল্যাণের পথিক, তুমি নিবৃত্ত হও, নিয়ন্ত্রিত হও।’ (তিরমিজি, হাদিস : ৬৮২)
এ মাসে আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য রোজা ফরজ করেছেন, যা ইসলামের মৌলিক একটি স্তম্ভ।
রাসুল (সা.) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি ঈমান ও ইহতিসাব তথা আল্লাহর প্রতি বিশ্বাস এবং সওয়াবের প্রত্যাশা রেখে রমজান মাসে রোজা রাখবে, তার পূর্বের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে।’ (সহিহ বুখারি, হাদিস : ৩৮)
রমজানের প্রতিটি ইবাদত, প্রতিটি মুহূর্ত বিশেষ মর্যাদা ধারণ করে। এর কিয়াম-তারাবি, সাহরি-ইফতার, তাসবিহ-তাহলিল, তিলাওয়াত-মোনাজাত—সবকিছুর রয়েছে বিশেষ ফজিলত। এর প্রতিটি আমল বান্দাকে তাকওয়ার সোপানে উন্নীত করে এবং আল্লাহর নৈকট্য ত্বরান্বিত করে। নবীজি বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস ও সওয়াবের প্রত্যাশায় রমজান পালন করবে তার বিগত পাপ ক্ষমা করে দেওয়া হবে।
’ (সহিহ বুখারি, হাদিস : ২০০৯)
অতএব, রোজার সঙ্গে সঙ্গে তারাবির প্রতি যত্নবান হই। তাহাজ্জুদের অভ্যাস করি। সাহরির প্রতি গুরুত্ব দিই। খেয়াল রাখি, আমার রোজা যেন আমার জন্য ঢাল হয়। আমার কোনো ত্রুটির কারণে যেন এ ঢাল বিদীর্ণ না হয়। ঈমানি লজ্জত ও স্বাদ উপভোগ করি ইফতারের মোবারক মুহূর্তে। জিকির-তিলাওয়াতে সতেজ রাখি আমার জবান। গুনাহের পঙ্কিলতা ঝেড়ে ফেলে সজীব করে তুলি হৃদয়-ভূমিকে। শুরু করি ঈমানি-আমলি জীবনের নতুন পথচলা।
রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পণ্য মজুদকরণ, খাদ্যে ভেজাল ইত্যাদি অসাধুতা অত্যন্ত গর্হিত মানসিকতার পরিচায়ক। সহমর্মিতার মাসে এ ধরনের অন্যায় সত্যিই বড় জুলুম। রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি মুসলমানদের ওপর দ্রব্যমূল্য বাড়ানোর উদ্দেশ্যে পণ্য মজুদ করে, সে নিঃসন্দেহে গুনাহগার।’ (মুসনাদে আহমাদ, হাদিস : ৮৬১৭)
ঈদ সামনে রেখে যে শপিং-সংস্কৃতি সমাজে চালু হয়েছে এবং তাতে ব্যাপক হারে নারীদের অংশগ্রহণ যেটা কখনো কাম্য নয়। আফসোসের কথা হলো, রমজানের শেষ দিকে এর চাপ আরো প্রবল হয় অথচ যেখানে শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করতে বলা হয়েছে এবং নবীজি (সা.) যখন কোমর বেঁধে ইবাদতে মশগুল থাকতেন, তাই আমাদেরও ঈদের প্রয়োজন আগ থেকেই সেরে নেওয়া উচিত, নারীদের যেন মার্কেটে যেতে না হয় এ জন্য পুরুষরা সচেতনতার সঙ্গে সহায়তা করা এবং শেষ দশকে বিশেষভাবে শবেকদর তালাশ করা। রাসুল (সা.) বলেন, ‘এই মহিমান্বিত মাস উপস্থিত। তাতে একটি রজনী রয়েছে, যা হাজার মাস অপেক্ষা উত্তম। যে ব্যক্তি এর কল্যাণ ও বরকত থেকে বঞ্চিত থাকল সে যেন সব কল্যাণ থেকেই বঞ্চিত হলো। আর শুধু অভাগাই এর কল্যাণ থেকে বঞ্চিত থাকে।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ১৬৪৪)
সর্বোপরি রমজান যেন অধিক ফলপ্রসূ হয় এ জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়া জরুরি। কারণ এর প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান। এ সময়গুলো যাতে যথাযথ কাজে লাগে এ জন্য গুরুত্বের সঙ্গে ফিকির করতে হবে। এ দিনগুলো দোয়া-দরুদ, জিকির-তিলাওয়াত, তাওবা-ইস্তিগফার, নফল নামাজ ইত্যাদি ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে হবে। গল্প-গুজব পরিহার করা এবং অযথা ডিভাইসের ব্যবহার বন্ধ রাখতে হবে।
জাবের (রা.) থেকে বর্ণিত, ‘নবীজি (সা.) একবার মিম্বারে আরোহণ করলেন। প্রথম ধাপে উঠে বললেন, আমিন। দ্বিতীয় ও তৃতীয় ধাপে উঠেও বললেন, আমিন। সাহাবিরা জিজ্ঞাসা করলেন (কী বিষয় আল্লাহর রাসুল!) আপনাকে (এভাবে) আমিন বলতে শুনলাম। তখন নবীজি বললেন, আমি যখন মিম্বারে আরোহণ করলাম তখন জিবরাইল আগমন করলেন এবং বললেন, ওই ব্যক্তি হতভাগা, যে রমজান মাস পেল, আর রমজান গত হয়ে গেল; কিন্তু তার গুনাহ মাফ হলো না। আমি বললাম, আমিন। তারপর বললেন, ওই ব্যক্তি হতভাগা, যে তার মা-বাবাকে অথবা কোনো একজনকে পেল অথচ তারা (মা-বাবা) তাকে জান্নাতে প্রবেশ করাল না (অর্থাৎ তাদের খিদমতের সুযোগকে কাজে লাগিয়ে সন্তান জান্নাতে প্রবেশ করতে পারল না)। আমি বললাম, আমিন। তৃতীয়বার বললেন, ওই ব্যক্তি হতভাগা, যার সামনে আপনার নাম উচ্চারিত হলো আর সে আপনার ওপর দরুদ পাঠ করল না। বললাম, আমিন।’ (মুসনাদে আহমাদ, হাদিস : ৭৪৫১)
অতএব, রমজান আসবে আবার চলেও যাবে। এভাবে জীবনও একদিন শেষ হয়ে যাবে। তাই বুদ্ধিমান তো সে, যে আগে থেকেই প্রস্তুতি নিতে থাকে। রমজান আসার আগেই প্রস্তুতি গ্রহণ করে। রমজানকে সামনে রেখে সে প্রস্তুত করে জীবনের নতুন রুটিন। কাজে লাগায় রমজানের বরকতময় প্রতিটি মুহূর্ত। আল্লাহ আমাদের তাওফিক দান করুন। আমিন।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.