আজ সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬

জকিগঞ্জে লন্ডন প্রবাসী শফি হত্যার নেপথ্যে 'ব্যক্তিগত দ্বন্দ্ব', আটক ৩

জকিগঞ্জে লন্ডন প্রবাসী শফি হত্যার নেপথ্যে \'ব্যক্তিগত দ্বন্দ্ব\', আটক ৩

সিলেটের জকিগঞ্জে লন্ডনপ্রবাসী বোরহান উদ্দিন শফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাঁদের মধ্যে রয়েছেন মামলার প্রধান আসামি। পুলিশ বলছে, ব্যক্তিগত দ্বন্দ্ব থেকেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত।

রোববার (২২ ফেব্রুয়ারি) সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, গত শুক্রবার জকিগঞ্জ এলাকা থেকে প্রধান আসামি সাব্বির আহমেদ (২১)কে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্য ও প্রযুক্তিগত অনুসন্ধানের ভিত্তিতে পরদিন নারায়ণগঞ্জের পূর্বাচল এলাকা থেকে সৈয়দ মেহরাজ উজ সামাদ ওরফে শোভন (২০) কে আটক করা হয়। একই দিন লালাগ্রাম এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাহিরুল হক (২০) কে গ্রেপ্তার করা হয়। তাহিরুলের কাছ থেকে নিহতের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রেপ্তারের পর সাব্বির ও শোভন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত ৩ ফেব্রুয়ারি জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের মাসেরচক হাওরসংলগ্ন বিলপাড় থেকে বোরহান উদ্দিন শফির (৫৯) দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। দুদিন পর জকিগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পরবর্তী সময়ে ১৮ ফেব্রুয়ারি মামলাটি জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন বলেন, প্রাথমিক অনুসন্ধানে ব্যক্তিগত বিরোধের বিষয়টি সামনে এসেছে। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহের কাজ চলছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)