সিলেট নগরীতে পৃথক ও বিশেষ অভিযানে ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক কারবারি ও সন্দেহভাজনসহ মোট ৭১ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় এসএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) যৌথভাবে অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের ফেইসবুক পেইজের এক পোস্টে জানানো হয়, অভিযানে মহানগরের বিভিন্ন এলাকা থেকে ৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে প্রায় ৮ লাখ ১০ হাজার ৮০০ টাকার ভারতীয় শাড়ি, ৫ বক্স কিটক্যাট চকলেট, ৪৫০ পিস ভারতীয় ক্লপ জি ক্রিম, ৩৩৫ পিস ভারতীয় চকলেট এবং প্রায় ১৩ লাখ ১৮ হাজার টাকার ভারতীয় জিরা।
অভিযানে বিভিন্ন মামলার একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে মাদকসহ ও মাদক সেবনের অভিযোগে ১১ জনকে আটক করা হয়। এছাড়া মহানগরের বিভিন্ন এলাকা থেকে ২৭ জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুযায়ী ১৩ জনকে আটক করা হয়েছে। নিয়মিত মামলায় ও সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে আরও ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে আরও একজন তেল মজুদকারী, একজন চোর এবং দুইজন হকারকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ। মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.