ছবি: বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়বে এবং সাধারণ মানুষ আরও উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কাজী শরিফ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করা হচ্ছে। এই তালিকায় রয়েছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। শয্যা উন্নীতকরণের পাশাপাশি নতুন পদ সৃজন করা হবে।
সংশ্লিষ্টরা বলছেন, শয্যা সংখ্যা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় জনবল, চিকিৎসা সরঞ্জাম ও অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর সেবার পরিধিও বাড়ানো হবে। এতে রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা সহজ হবে এবং জেলা সদর হাসপাতালের ওপর চাপও কমবে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিয়ানীবাজার উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ উপজেলা পর্যায়েই অধিকতর মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন বলে আশা করা হচ্ছে।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.