ছবি: মোহাম্মাদ আতাই মিয়া
সিলেট-বিয়ানীবাজার সড়কের চারখাই এলাকায় সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত ব্যবসায়ী মোহাম্মদ আতাই মিয়া (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে (ICU) ৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত রোববার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত মোহাম্মদ আতাই মিয়ার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের খালপার গ্রামে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে ব্যবসায়িক কাজে তিনি বিয়ানীবাজারের চারখাই বাজারে যান। ওইদিন রাতে চারখাই বাজারের সুরমা গাছতলা এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।
নিহতের জামাতা সোনা মিয়া জানান, সোমবার (২৬ অক্টোবর) বেলা ২টার দিকে আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে স্বজনরা মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যান। দাফন সম্পন্ন করার পর এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.