ছবি: সংগৃহীত
দেশের জেলা স্টেডিয়ামগুলোকে আধুনিকায়ন করে স্বয়ংসম্পূর্ণ ক্রীড়া অবকাঠামো হিসেবে গড়ে তুলতে বড় প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। নতুন স্থাপনা নির্মাণের আগে বিদ্যমান মাঠ ও স্টেডিয়ামগুলোকে সংস্কার করে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (৬ অক্টোবর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত খেলাধুলার একটি সমন্বিত কাঠামো গড়ে তুলতে সরকার কাজ করছে। শ্রীমঙ্গল ক্রিকেট একাডেমির পাশাপাশি মাঠ, পোশাক পরিবর্তনের কক্ষসহ প্রয়োজনীয় ক্রীড়া অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।
জেলা স্টেডিয়ামগুলোতে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ভলিবল, টেবিল টেনিস, দাবা, শুটিং ও হকিসহ বিভিন্ন খেলার নিয়মিত আয়োজনের সুযোগ তৈরি করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ লক্ষ্যে সারা দেশের জেলা স্টেডিয়াম আধুনিকায়নে একটি প্রকল্প নেওয়া হয়েছে। গ্যালারি, পোশাক পরিবর্তনের কক্ষ, সংবাদকর্মীদের কাজের স্থানসহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করে স্টেডিয়ামগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, ইউনিয়ন পর্যায় পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। নগরের ওয়ার্ড পর্যায়েও ছোট মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে। খেলাধুলার সুযোগ বাড়ানোর মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থভাবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে সরকারের।
আন্তর্জাতিক পর্যায়ে ভালো ফল অর্জনের লক্ষ্যে বছরব্যাপী প্রশিক্ষণ ও প্রতিভাবান খেলোয়াড় তৈরির কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। আগামী পাঁচ বছরে অলিম্পিক, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের মতো আন্তর্জাতিক আসরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থান তৈরির লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজু, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সরফরাজ আহমদ সরফুসহ ক্রীড়া সংগঠক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী শ্রীমঙ্গল উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। এরপর ভিক্টোরিয়া স্কুল মাঠে গাছের চারা রোপণ করেন তিনি।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.