ছবি: সংগৃহীত
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এ দণ্ড কার্যকর করা হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে আজেল নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আব্দুল বাসির ও সিথি আক্তার।
বিবৃতিতে বলা হয়, ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করে। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগ উপস্থাপন করা হয়। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাঁদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
পরবর্তী সময়ে উচ্চ আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই রায় বহাল রাখেন। পরে রাজকীয় ফরমান জারির মাধ্যমে দণ্ড কার্যকর করা হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশের নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মসজিদের পবিত্রতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দেশটির প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.