সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটির সরকারের কাছে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ। রোববার (১৮ অক্টোবর) ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের বিন আবিয়ার সঙ্গে বৈঠকে এ বিষয়ে জানতে চান পররাষ্ট্র সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, বৈঠকে পররাষ্ট্র সচিব দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে সৌদি রাষ্ট্রদূতের কাছে বিস্তারিত জানতে চান। তবে এ ঘটনা বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে প্রত্যয় ব্যক্ত করে ঢাকা। এ সময় সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের দেশটির আইন সম্পর্কে সচেতন থাকার গুরুত্ব নিয়েও আলোচনা হয়।
বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতামূলক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছিলেন, সৌদি আরবে এক বাংলাদেশি পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে দেশটির সরকারের কাছ থেকে এখনো বিস্তারিত আনুষ্ঠানিক ব্যাখ্যা পায়নি বাংলাদেশ। তিনি এ ধরনের ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক ও অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের শামা ওবায়েদ বলেন, ‘আমরা এখনও সৌদি সরকারের কাছ থেকে এর ব্যাখ্যা পাইনি।’
সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজ করার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি।
গালফ নিউজের এক প্রতিবেদনে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়, মসজিদের পবিত্রতা, অপরাধ সংঘটনের পরিস্থিতি এবং অপরাধের গুরুত্ব বিবেচনা করে আদালত এ সাজা দেন। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির নাম নজরুল ইসলাম ও সিটি আখতার।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, চলতি মাসের ১৪ তারিখ বাংলাদেশ জানতে পারে, সৌদি আরবের আইন অনুযায়ী দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর
করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য জানতে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ঘটনার খবর প্রকাশিত হওয়ার পরপরই বাংলাদেশ মিশন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করে।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.