ছবি: সিলেট শিক্ষা বোর্ড
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর সিলেট শিক্ষা বোর্ডে ১ হাজার ৩৫৩ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। তবে তাদের মধ্যে কতজন ফেল থেকে পাস করেছেন এবং নতুন করে কতজন জিপিএ-৫ পেয়েছেন, সে তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার পর দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করে।
আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার সিলেট শিক্ষা বোর্ডে ৫১ হাজার ২৪৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন জমা পড়ে। এসব আবেদনের পরিপ্রেক্ষিতে ১ হাজার ৩৫৩ জনের ফল পরিবর্তন হয়েছে।
সারা দেশে ১১টি শিক্ষা বোর্ডে মোট ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে, ৮ হাজার ৩৩৯ জনের। দ্বিতীয় অবস্থানে ঢাকা শিক্ষা বোর্ডে ৫ হাজার ৮৫৩ জনের ফল পরিবর্তন হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত তথ্য অনুযায়ী, সেখানে নতুন করে ফেল থেকে পাস করেছেন ৫৯২ জন। জিপিএ-৫ পেয়েছেন আরও ৪৬৪ জন। আগে অকৃতকার্য ছিলেন, এমন একজন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন।
এবারই প্রথম এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়নের সুযোগ চালু করা হয়েছে। ফলে নম্বর যোগ-বিয়োগ বা গণনার ভুল সংশোধনের পাশাপাশি উত্তরপত্রের মূল্যায়নও নতুন করে পর্যালোচনার সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরা।
গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ৪০ হাজার ৮৪ জন।
ফল প্রকাশের পরদিন ১ নভেম্বর থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন নেওয়া শুরু হয়। ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পান।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.