ছবি: সংগৃহীত
সীমান্তের কাছাকাছি চা-বাগান, নির্জন এলাকা কিংবা সীমান্ত থেকে কয়েক কিলোমিটার ভেতরে পরিত্যক্ত স্থানে মিলছে আগ্নেয়াস্ত্র ও শক্তিশালী বিস্ফোরক। কখনো উদ্ধার হচ্ছে শটগান ও গুলি, কখনো প্লাস্টিক বিস্ফোরক, পাওয়ারজেল ও ডেটোনেটর। সাম্প্রতিক সময়ে সিলেটের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় একের পর এক এসব সরঞ্জাম উদ্ধারের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সীমান্ত পেরিয়ে এসব অস্ত্র ও বিস্ফোরক কারা নিয়ে আসছে, কোথায় মজুত করছে এবং শেষ পর্যন্ত কার হাতে পৌঁছাচ্ছে এসব প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। তবে ধারাবাহিক উদ্ধার অভিযান ইঙ্গিত দিচ্ছে, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক প্রবেশের ঝুঁকি রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও অভিযানের মধ্যেও বিভিন্ন স্থানে এসব সরঞ্জাম উদ্ধারের ঘটনা ঘটছে।
সর্বশেষ গতকাল সোমবার (২৩ নভেম্বর) ভোরে গোয়াইনঘাট উপজেলার সারিঘাট এলাকায় যৌথ অভিযান চালিয়ে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সীমান্ত থেকে প্রায় ১২ কিলোমিটার ভেতরে এ অভিযান চালানো হয়। এসআরবির প্রযুক্তিগত সহায়তায় সন্দেহজনক স্থান শনাক্তের পর বিজিবির ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়। পরে সেখান থেকে বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়।
এর আগে ১৭ নভেম্বর রাতে জৈন্তাপুরের শ্রীপুর চা-বাগানের খরমপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০টি উচ্চক্ষমতাসম্পন্ন পাওয়ারজেল, ৪৮টি নন-ইলেকট্রিক ডেটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করে ৪৮ বিজিবি। অভিযানে প্রশিক্ষণপ্রাপ্ত ডগ স্কোয়াডের সদস্য কুকুর মিকিকেও ব্যবহার করা হয়। বিজিবি জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে বিস্ফোরক বহনকারীরা পালিয়ে যায়।
এর মাত্র তিন দিন আগে, ১৪ নভেম্বর কানাইঘাটের নুনছড়া চা-বাগান এলাকায় আরেকটি বিস্ফোরকের চালান উদ্ধার করা হয়। জকিগঞ্জ ব্যাটালিয়নের অভিযানে সেখান থেকে ৪৮টি হাই পাওয়ারজেল, ১০০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর ও ১১টি ফিউজ জব্দ করা হয়। এসব বিস্ফোরক কারা সেখানে রেখেছিল, তা শনাক্তে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে বিজিবি।
অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনাও রয়েছে। গত ১১ নভেম্বর জৈন্তাপুরের মিনাটিলা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের অভিযোগে দুই ভারতীয় খাসিয়া নাগরিককে আটক করে বিজিবি। তাদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়। এর আগে ৫ নভেম্বর প্রতাপপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা ও একটি দুইনলা শটগান এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছিল।
বিভিন্ন স্থানে ধারাবাহিক এসব উদ্ধারের ঘটনায় প্রশ্ন উঠেছে, সীমান্ত দিয়ে আসা অস্ত্র ও বিস্ফোরক কি কেবল স্থানীয়ভাবে মজুত করা হচ্ছে, নাকি দেশের অন্য এলাকাতেও সরবরাহের চেষ্টা চলছে? এসব সরঞ্জামের প্রকৃত মালিক ও সরবরাহকারীদের শনাক্ত করা সম্ভব হয়েছে কি না, তা-ও গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে এখন পর্যন্ত উদ্ধার হওয়া চালানগুলোর শেষ গন্তব্য সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক প্রবেশ ঠেকাতে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান চালানো হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি ডগ স্কোয়াড দিয়েও তল্লাশি জোরদার করা হয়েছে।
বিজিবির হিসাব অনুযায়ী, চলতি বছরে ৪৮ বিজিবির অভিযানে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১৯টি প্লাস্টিক বিস্ফোরক, ৫০টি পাওয়ারজেল, ৪৮টি ডেটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার হয়েছে।
সিলেট সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়নের চিত্র আরও বিস্তৃত। বিজিবি সূত্র জানায়, চলতি বছরের ১৭ নভেম্বর পর্যন্ত এসব ব্যাটালিয়নের বিশেষ টহল ও অভিযানে ৭২ জন আসামিসহ ১০টি অস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১৮ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১৭০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ জব্দ করা হয়েছে। একই সময়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এ ছাড়া অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে পরিচালিত কার্যক্রমে ১৫৭ জনকে প্রতিহত করা হয়েছে।
জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সুহেল আলম বলেন, সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে এ কার্যক্রম চালানো হবে।
সীমান্তে নজরদারি ও অভিযান জোরদারের পাশাপাশি উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরকের উৎস এবং সরবরাহের পথ শনাক্ত করাও এখন গুরুত্বপূর্ণ। কারণ, এসব সরঞ্জাম কোথা থেকে আসছে এবং কারা সংগ্রহ করছে, তা উদ্ঘাটন করা না গেলে শুধু উদ্ধার অভিযান দিয়ে পাচারের পুরো নেটওয়ার্ক সম্পর্কে ধারণা পাওয়া কঠিন।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.