ছবিঃ সংগৃহীত
সিলেটে আগামী পাঁচ দিন বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে। লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বিভাগের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কয়েক দফায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
আজ বুধবার সকাল ৯টা থেকে আগামী রোববার পর্যন্ত ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ভারতের ছত্তিশগড় ও তৎসংলগ্ন উত্তর ও মধ্যপ্রদেশে অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি এখন মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন উত্তরপ্রদেশ এলাকায় অবস্থান করছে এবং ধীরে ধীরে আরও দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্য বেড়েছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, লঘুচাপের কেন্দ্র, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বৃহস্পতিবারও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
শুক্রবারও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ দিনও বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার সিলেটসহ দেশের আট বিভাগেই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সিলেট বিভাগের বিভিন্ন স্থানে আবারও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
রোববারও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ দিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে। তবে এর আগে সিলেট বিভাগে কয়েক দফা ভারী বর্ষণের কারণে নিচু এলাকা ও পাহাড়ঘেঁষা অঞ্চলে জলাবদ্ধতা এবং স্থানীয়ভাবে স্বল্পমেয়াদি বন্যা বা পাহাড়ি ঢলের পরিস্থিতি তৈরি হতে পারে। তাই প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদেরা।
সূত্রঃ সিলেট ভয়েস
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.