ছবি: সংগৃহীত
সিলেটের বাজারে শীতের সবজি আসতে শুরু করেছে। সরবরাহ বাড়ায় কয়েক ধরনের সবজির দামও কমেছে। তবে মাছ, মাংস ও অন্যান্য নিত্যপণ্যের দাম এখনও চড়া। ফলে কিছু পণ্যের দাম কমলেও স্বস্তি ফিরছে না বাজারে।
সোমবার (৯ অক্টোবর) নগরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শীতের আগাম সবজি উঠতে শুরু করেছে। বাজারে ফুলকপি, বাঁধাকপি, মুলা, শিমসহ নানা ধরনের সবজি পাওয়া যাচ্ছে। তবে সব পণ্যের দাম কমেনি। কোনো কোনো সবজির দাম কমলেও টমেটো, গাজর ও বেগুনের মতো কয়েকটি পণ্য এখনো তুলনামূলক বেশি দামে বিক্রি হচ্ছে।
বাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। ফুলকপি ও বাঁধাকপি আকারভেদে ৪০ থেকে ৫০ টাকা পিস। মুলা ৩০ থেকে ৪০ টাকা কেজি। ধুন্দুল ও ঝিঙে ৬০ থেকে ৭০ টাকা, ঢ্যাঁড়স ও কচুমুখী ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বরবটি, করলা ও কাঁকরোলের দাম ৬০ থেকে ৭০ টাকা কেজি।
এ ছাড়া প্রতি কেজি টমেটো ১০০ থেকে ১১০ টাকা, গাজর ১২০ টাকা এবং গোল বেগুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে। অন্য জাতের বেগুনের দাম ৫০ থেকে ৬০ টাকা কেজি। দেশি শসা ৪০ থেকে ৫০ টাকা এবং হাইব্রিড শসা ৩০ টাকা কেজি। লাউ প্রতিটি আকারভেদে ৬০ থেকে ৮০ টাকা, পেঁপে ২৫ থেকে ৩০ টাকা এবং মিষ্টিকুমড়া ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পুরোনো দেশি আলু পাওয়া যাচ্ছে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে।
সবজির পাশাপাশি কয়েকটি নিত্যপণ্যের দামেও কিছুটা পরিবর্তন এসেছে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। গত সপ্তাহে এ দাম ছিল ৫০ থেকে ৬০ টাকা। আদার দাম কেজিতে ১০ টাকা কমে হয়েছে ১৩০ টাকা। দেশি রসুন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে।
তবে মাছের বাজারে দামের খুব একটা পরিবর্তন নেই। প্রতি কেজি রুই মাছ ২৮০ থেকে ৩৮০ টাকা, বড় তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা, শিং মাছ ৩৫০ থেকে ৪৫০ টাকা এবং সিলভার কার্প ও গ্রাস কার্প ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। পাঙাশ মাছের দাম ১৬০ থেকে ২৫০ টাকা, কাতলা ৩০০ থেকে ৩৮০ টাকা এবং চাষের কৈ ১৮০ থেকে ২৫০ টাকা কেজি। পাবদা মাছ ৩৮০ থেকে ৪২০ টাকা এবং চিংড়ি ৭৫০ থেকে ৯৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাংসের বাজারেও ক্রেতাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৬০ থেকে ১৭০ টাকা, সোনালি মুরগি ২৪০ থেকে ৩৫০ টাকা এবং দেশি মুরগি ৫৮০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের কেজি ৮০০ টাকা। খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকায়। এদিকে বাদামি রঙের খামারের ডিমের ডজন ১৩০ থেকে ১৩৫ টাকা। গত সপ্তাহে এ ডিমের দাম ছিল ১৪০ টাকা।
বন্দরবাজার এলাকায় বাজার করতে আসা বেসরকারি অফিসের কর্মচারী নুরুজাহান বেগম বলেন, প্রতি সপ্তাহে বাজারে এসে দেখি কোনো না কোনো পণ্যের দাম বেশি। এক-দুই ধরনের সবজির দাম কমলেও মাছ, মাংস ও অন্যান্য পণ্যের দাম বেশি থাকায় মোট খরচ কমছে না। বাজারে শীতের সবজি আরও বেশি উঠলে দাম দ্রুত কমানো দরকার।
আম্বরখানা এলাকায় বাজার করতে আসা ইমরান চৌধুরী বলেন, বাজারে সবজির অভাব নেই, কিন্তু দাম কমছে না। আগে কয়েক পদের সবজি কিনতাম, এখন প্রয়োজনের তুলনায় কম কিনতে হচ্ছে। আয় তো বাড়েনি, কিন্তু বাজারের খরচ বেড়েই চলেছে।
আম্বরখানা এলাকার সবজি বিক্রেতা আমিনুল ইসলাম বলেন, শীতের সবজি বাজারে আসতে শুরু করেছে। সরবরাহ বাড়ায় কয়েক ধরনের সবজির দাম কমেছে। সামনে সরবরাহ আরও বাড়বে। আগামী এক মাসের মধ্যে বাজারে সবজির দাম আরও কমতে পারে বলে তিনি আশা করছেন।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.