আজ রবিবার | ২৭ সেপ্টেম্বর ২০২৬

জৈন্তাপুরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র ও পুলিশের লুট হওয়া গুলি উদ্ধার

জৈন্তাপুরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র ও পুলিশের লুট হওয়া গুলি উদ্ধার

ছবি: সংগৃহীত


সিলেটের জৈন্তাপুরে জঙ্গলের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি দোনলা বন্দুক ও পুলিশের লুট হওয়া চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় আরও দুই রাউন্ড তাজা রাইফেলের গুলি উদ্ধার করা হয়। তবে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা যায়নি।

 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর থানার হরিপুর বাজারের হাউদপাড়া সংলগ্ন সিলেট-জাফলং মহাসড়কের পশ্চিম পাশে জঙ্গলে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

 

এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানের সময় জঙ্গলের ভেতরে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি দোনলা বন্দুক পাওয়া যায়। একই জায়গা থেকে জৈন্তাপুর থানার মালখানা থেকে লুট হওয়া চার রাউন্ড তাজা কার্তুজ এবং দুই রাউন্ড তাজা রাইফেলের গুলিও উদ্ধার করা হয়।

তবে এসব অস্ত্র ও গোলাবারুদ সেখানে কারা রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কাউকে আটকও করা সম্ভব হয়নি।

এসআরবি-৯-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, হরিপুর এলাকায় সক্রিয় চোরাকারবারি ও সংঘবদ্ধ চোরাচালানকারীদের বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্র ও গোলাবারুদ ব্যবহারের বিষয়ে আগে থেকেই তথ্য ছিল। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ ওই চক্রের সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা যাচাই করা হচ্ছে।

ব্যাটালিয়নটি জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা অনুসন্ধান ও তদন্ত চলছে। একই সঙ্গে চোরাকারবারি চক্রের কাছে থাকা অন্য অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
 

সূত্র: সিলেট ভয়েস 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)