আজ বৃহস্পতিবার | ০১ অক্টোবর ২০২৬

মৌলভীবাজারের রাজনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

মৌলভীবাজারের রাজনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের রাজনগরে পৃথক দুটি দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এর মধ্যে উদনা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। অন্য ঘটনায় সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

মঙ্গলবার রাজনগর উপজেলায় পৃথক সময়ে এসব দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১টার দিকে রাজনগর দাসটিলা গ্রামের আনছার আলীর ছেলে কাইয়ুম মিয়া (২২) বাড়ির পাশের উদনা নদীতে মাছ ধরতে যান। জাল দিয়ে মাছ ধরার সময় একপর্যায়ে তিনি পানির নিচে তলিয়ে যান।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে রাজনগরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক সূধাময় দেব (৫৬) গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় প্রাইভেট কারের যাত্রী ফাইজা আক্তার (২৮) এবং অটোরিকশার যাত্রী সিমন্ত দেব (৫০) গুরুতর আহত হয়েছেন। তাদের সিলেট নগরের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজনগর থানার ওসি মো. এনামুল হক চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনায় জড়িত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে এবং পানিতে ডুবে নিহত কাইয়ূমের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে।

 

সূত্র: সিলেট ভয়েস 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)