ছবি: সংগৃহীত
সিলেটের জকিগঞ্জে পুলিশের অভিযানে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল কাদিরকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার লোহারমহল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে জকিগঞ্জ থানা-পুলিশ।
গ্রেপ্তার আব্দুল কাদির উপজেলার পশ্চিম লোহারমহল গ্রামের মৃত ইশাহিদ আলীর ছেলে। পুলিশ জানায়, বিয়ানীবাজার জিআর মামলা নং-১১৭/২০১৭-এর মাদক মামলায় তিনি পাঁচ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। এ ছাড়া জকিগঞ্জ থানায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, আব্দুল কাদির তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। এর আগেও দুই বছরের সাজা পরোয়ানায় তাঁকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছিল। পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে তিনি আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে তাঁর বিরুদ্ধে আরও পাঁচটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের দিকনির্দেশনায় পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারের পর মঙ্গলবার তাঁকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.