ছবি: সংগৃহীত
সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৩ হাজার ৮০০ কেজি ভারতীয় অবৈধ টমেটোসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় টমেটো পরিবহনে ব্যবহৃত দুটি ডিআই পিকআপ জব্দ করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ৫ নম্বর ফতেপুর ইউনিয়নের হরিপুর এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন- কয়েছ আহমদ (১৯), আমিন আহমদ (১৯), আবু তাহের মাহিন (১৭) ও সাইদুল ইসলাম (১৯)।
পুলিশ জানায়, চেকপোস্টে দুটি ডিআই পিকআপে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৮০০ কেজি ভারতীয় টমেটো উদ্ধার করা হয়। এ সময় টমেটো বহনকারী দুটি পিকআপসহ চারজনকে আটক করা হয়। উদ্ধার করা ভারতীয় টমেটোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪ হাজার টাকা। এ ছাড়া জব্দ করা দুটি পিকআপের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহনের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকায় অবৈধ পণ্য পরিবহন প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: সিলেট ভিউ
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.