ছবি: সংগৃহীত
সিলেটের গোলাপগঞ্জে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের নালিউরি গ্রামে এ ঘটনা ঘটে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ওই যুবকের নাম নাইম আহমদ (২৬)। তিনি ভাদেশ্বর পূর্বভাগ গ্রামের আজির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, সোমবার রাতে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ির উদ্দেশে রওনা হন নাইম। মঙ্গলবার সকালে বাড়ির কাছাকাছি নালিউরি গ্রামে পৌঁছালে অটোরিকশার সঙ্গে একটি পিকআপের সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং নাইম গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি ছবেদ আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.