ছবি: চ্যাম্পিয়ন দল কইর বন্দ যুব সংঘ
দর্শকদের উচ্ছ্বাস, খেলোয়াড়দের নৈপুণ্য আর টানটান উত্তেজনায় জমে উঠেছিল পুরো মাঠ। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন কইরবন্দ যুব সংঘের খেলোয়াড় ও সমর্থকরা। দুর্দান্ত পারফরম্যান্সে কুড়ারবাজার ফুটবল টিমকে ২-০ গোলে হারিয়ে ‘১ম শহীদ জিয়া মিডবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর চ্যাম্পিয়ন হয়েছে কইরবন্দ যুব সংঘ।
শনিবার বিকেলে বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের ঘড়ুয়া শাপলা মাঠে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত এই ফাইনাল। শিরোপার লড়াইয়ে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলায় মাঠজুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। গ্যালারি ও মাঠের চারপাশে উপস্থিত দর্শকদের করতালি আর উচ্ছ্বাসে ফাইনাল ম্যাচটি হয়ে ওঠে প্রাণবন্ত।
তবে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় কইরবন্দ যুব সংঘ। দলের হয়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে জোড়া গোল করেন রাহি। তাঁর দুই গোলেই কুড়ারবাজারকে ২-০ ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে কইরবন্দ যুব সংঘ। ম্যাচজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রাহি।
ফাইনাল খেলা শেষে অনুষ্ঠিত হয় জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংক বালিঙ্গা বাজার শাখার পরিচালক, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি ও বিয়ানীবাজার উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক তুহেল আহমদ চৌধুরী। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেওলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম তাজুল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলাই, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক এ এইচ তানভীর ও মোস্তাক আহমদ সাজু, বিএনপি নেতা আব্দুল বাছিত, ফারুক উদ্দিন ও শরিফ আহমদ, যুক্তরাজ্যপ্রবাসী দিলদার হোসেন খান বেলাল, শেওলা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আকমল হোসেন চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে সুস্থ ও সুন্দর জীবনের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়া চর্চার মাধ্যমে যুবসমাজ মাদকাসক্তি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সৌহার্দ্যবোধ গড়ে তুলতে পারে। তরুণদের উদ্যোগে এমন সুন্দর আয়োজনের প্রশংসা করে তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়, টুর্নামেন্টের প্রথম আসর সফলভাবে সম্পন্ন করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। খেলাধুলার মাধ্যমে এলাকার তরুণদের একত্রিত করা এবং তাদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই ছিল এই আয়োজনের অন্যতম লক্ষ্য। আগামীতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন করার আশাবাদও ব্যক্ত করেন আয়োজকরা।
পরে বিজয়ী কইরবন্দ যুব সংঘ ও রানার্সআপ কুড়ারবাজার ফুটবল টিমের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। ফাইনালে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয় ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার। পাশাপাশি টুর্নামেন্ট সফল করতে সার্বিক সহযোগিতাকারী ব্যক্তি ও অতিথিদের হাতে আয়োজক কমিটির পক্ষ থেকে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক।
উচ্ছ্বসিত দর্শকদের করতালি, বিজয়ী দলের উল্লাস আর পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে শেষ হয় ‘১ম শহীদ জিয়া মিডবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর প্রথম আসর।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.