ছবি: সংগৃহীত
সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে ৫০টি উচ্চ ক্ষমতার বিস্ফোরক, ৪৮টি ডিটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
আজ বুধবার সকালে বিজিবি সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ।
তিনি বলেন, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া বিস্ফোরকগুলো উচ্চমাত্রার বিস্ফোরণ ঘটাতে সক্ষম। এগুলো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিজিবির এই কর্মকর্তা আরও জানান, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০টি অবৈধ অস্ত্র, ৪৮ রাউন্ড গোলাবারুদ, ৫০টি পাওয়ার জেল বিস্ফোরক, ৪৮টি ডিটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাই পণ্যও জব্দ করা হয়েছে।
চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ। তিনি বলেন, চোরাচালানের হোতাদের তালিকা হালনাগাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে অভিযানও চলছে।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.